লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের
৩১ আগস্ট, ২০২৬, 11:54 AM
NL24 News
৩১ আগস্ট, ২০২৬, 11:54 AM
লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পর কানাডার লেক অন্টারিওর নাম যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য ‘লেক আমেরিকা’ করেছে গুগল ম্যাপস। শনিবার গুগলের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য বিরোধের মধ্যেই গত বৃহস্পতিবার পাঁচটি গ্রেট লেকসের অন্যতম লেক অন্টারিওর নাম পরিবর্তনের ঘোষণা দেন ট্রাম্প। দুই দেশ এরই মধ্যে পরস্পরের শত শত কোটি ডলারের পণ্যে পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছে।
ট্রাম্পের নির্বাহী আদেশটি যুক্তরাষ্ট্রের সরকারি মানচিত্রের নাম নির্ধারণকারী সংস্থা ইউএস জিওগ্রাফিক নেমস ইনফরমেশন সিস্টেমের ওপর কার্যকর হবে। তবে কানাডার নামকরণ নীতি বা বিশ্বের অন্য দেশগুলোতে হ্রদটির নাম কী থাকবে, তাতে এর প্রভাব পড়বে না।
গুগল জানিয়েছে, সরকারি তথ্যের ভিত্তিতেই সাধারণত গুগল ম্যাপসের নাম হালনাগাদ করা হয়। তাই যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এখন লেক অন্টারিওকে ‘লেক আমেরিকা’ নামে দেখতে পাবেন। কানাডার ব্যবহারকারীদের কাছে আগের নাম ‘লেক অন্টারিও’ই থাকবে। আর যুক্তরাষ্ট্র ও কানাডার বাইরে ব্যবহারকারীরা দুই নামই দেখতে পাবেন।
এর আগে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের নির্বাহী আদেশ দিয়েছিলেন ট্রাম্প। পরে গুগল ম্যাপস সেটির নাম ‘গালফ অব আমেরিকা’ হিসেবে পরিবর্তন করে।
এবারের সিদ্ধান্তও প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জানিয়েছেন, নিউ ইয়র্ক লেক অন্টারিওকে নতুন নামে ডাকবে না। ভারমন্টের গভর্নর ফিল স্কট সিদ্ধান্তটিকে ‘তুচ্ছ ও হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন।
শনিবার লেকটির তীরে নতুন একটি সাইনবোর্ড উন্মোচন করেছেন অন্টারিওর প্রধানমন্ত্রী ডগ ফোর্ড। সেখানে ইংরেজি ও ফরাসি ভাষায় লেখা হয়েছে, ‘লেক অন্টারিও, এখনও এবং সর্বদা।’ ফোর্ড বলেন, ট্রাম্প এটিকে যা খুশি নামে ডাকতে পারেন। তবে বাকি বিশ্ব এটিকে সবসময় লেক অন্টারিও নামেই ডাকবে।
সূত্র: আলজাজিরা