এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৬, 3:22 PM
স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৬, 3:22 PM
এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ
এশিয়ান গেমসের নারী ফুটবল
এশিয়ান গেমসের নারী ফুটবলে উত্তর কোরিয়ার বিপক্ষে ১০-০ গোলের লজ্জার পর দক্ষিণ কোরিয়ার কাছেও বড় ব্যবধানে হারলো বাংলাদেশ। এবার দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে পরাজিত হয়েছে মারিয়া মান্দার দল। আন্তর্জাতিক নারী ফুটবলে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমে বড় ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতা হলো বাংলাদেশের।
উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের একাদশ থেকে ছয়টি পরিবর্তন নিয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। একাদশে ফিরেছেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, রূপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার ও শামসুন্নাহার জুনিয়র। তবে দলে পরিবর্তন এনেও শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের চিত্র বদলাতে পারেনি বাংলাদেশ।
জাপানের ওসাকার ইয়ামার স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে দক্ষিণ কোরিয়া। প্রথমার্ধে দুটি গোল হজম করে বাংলাদেশ। বিরতির পর আরও চারবার বাংলাদেশের জালে বল পাঠায় দক্ষিণ কোরিয়ার মেয়েরা। শেষ পর্যন্ত ৬-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
ম্যাচজুড়ে দক্ষিণ কোরিয়ার দাপট ছিল স্পষ্ট। ৭৫ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে বাংলাদেশের রক্ষণকে ব্যস্ত রাখে তারা। পুরো ম্যাচে ২০টি শট নেয় দক্ষিণ কোরিয়া, যার ১৩টিই ছিল লক্ষ্যে। এর মধ্যে ছয়টি শট থেকেই আসে গোল। বিপরীতে বাংলাদেশের মেয়েরা পুরো ম্যাচে লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র একটি শট, সেটিও ছিল প্রথমার্ধে।
১৬ মিনিটে ম্যাচের প্রথম গোল পায় দক্ষিণ কোরিয়া। কিম মিন-জির গোলে এগিয়ে যায় তারা। এরপর একের পর এক আক্রমণ চালালেও প্রথমার্ধের বাকি সময়ে ব্যবধান বাড়াতে পারেনি দক্ষিণ কোরিয়া।
তবে বিরতিতে যাওয়ার ঠিক আগে আবারও বাংলাদেশের রক্ষণে আঘাত হানে দক্ষিণ কোরিয়া। ৪২ মিনিটে জেয়ং ডা-বিন গোল করে ব্যবধান ২-০ করেন। দুই গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে দক্ষিণ কোরিয়া।
দ্বিতীয়ার্ধেও একই ধারায় খেলা চলতে থাকে। ৬৫ মিনিটে ছো-ইয়ু রির গোলে তৃতীয়বারের মতো বাংলাদেশের জালে বল জড়ায় দক্ষিণ কোরিয়া। মাত্র ১০ মিনিট পর, ৭৫ মিনিটে জি সো-ইয়োনের গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০।
এরপরও থামেনি দক্ষিণ কোরিয়ার আক্রমণ। ৭৯ মিনিটে সিউল-জি হিউন পঞ্চম গোলটি করেন। যোগ করা সময়ের প্রথম মিনিটে কো ইউ-জিন করেন ম্যাচের ষষ্ঠ ও শেষ গোল। শেষ পর্যন্ত ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।
এশিয়ান গেমসে বাংলাদেশের সামনে এখন মিয়ানমারের বিপক্ষে ম্যাচ। পরের ম্যাচে জয় পেলে পরের পর্বে টিকে থাকার সম্ভাবনা ধরে রাখতে পারবে বাংলাদেশের মেয়েরা।