ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানালেন গোল্ডেন বুট জয়ী রদ্রিগেজ

#

স্পোর্টস ডেস্ক

১৬ সেপ্টেম্বর, ২০২৬,  10:59 AM

news image

২০১৪ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে গোল্ডেন বুট জেতা কলম্বিয়ার তারকা জেমস রদ্রিগেজ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে মঙ্গলবার কলম্বিয়া জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্তের কথা জানান তিনি।


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রদ্রিগেজ বলেন, বহু বছর, অসংখ্য ম্যাচ এবং আনন্দ-বেদনার নানা মুহূর্ত পার করার পর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করার সময় এসেছে। কলম্বিয়ার জাতীয় দলের সঙ্গে তার যাত্রা এখানেই শেষ হচ্ছে বলেও জানান তিনি।


২০১১ সালের অক্টোবরে বলিভিয়ার বিপক্ষে কলম্বিয়ার হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় রদ্রিগেজের। অভিষেক ম্যাচেই দলের জয়সূচক গোল করেছিলেন তিনি। এরপর ধীরে ধীরে জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।


কলম্বিয়ার হয়ে ২০১৪, ২০১৮ ও ২০২৬ বিশ্বকাপে খেলেছেন রদ্রিগেজ। ২০২২ সালের কাতার বিশ্বকাপে অবশ্য কলম্বিয়া জায়গা করে নিতে পারেনি।


২০১৪ বিশ্বকাপ ছিল রদ্রিগেজের ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়গুলোর একটি। মাত্র পাঁচ ম্যাচে ছয় গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জেতেন তিনি। শেষ ষোলোতে উরুগুয়ের বিপক্ষে তার করা অসাধারণ ভলির গোলটি সেই বিশ্বকাপের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে আছে। ওই আসরের পর তার প্রতি আগ্রহ দেখায় রিয়াল মাদ্রিদ এবং শেষ পর্যন্ত স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেন তিনি।


কলম্বিয়ার জার্সি নিয়ে নিজের অনুভূতি জানিয়ে রদ্রিগেজ বলেন, জাতীয় দলের জার্সি পরা তার জন্য যেমন স্বপ্ন ছিল, তেমনি এটি ছিল বড় দায়িত্বেরও বিষয়। প্রতিবার মাঠে নামার সময় তিনি শুধু নিজের জন্য নয়, পরিবার, সতীর্থ এবং দেশের হাজারো মানুষের জন্য খেলেছেন বলে জানান।


জাতীয় দলের হয়ে ১০ নম্বর জার্সি পরার পাশাপাশি অধিনায়কের আর্মব্যান্ডও পরেছেন রদ্রিগেজ। ভালো সময়ের পাশাপাশি কঠিন সময়ও এসেছে তার ক্যারিয়ারে। তবে কলম্বিয়ার প্রতিনিধিত্ব করার গর্ব কখনো হারাননি বলে জানান তিনি।


গত ৭ জুলাই সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোতে টাইব্রেকারে হেরে বিদায় নেয় কলম্বিয়া। ওই ম্যাচটিই হয়ে থাকল জাতীয় দলের হয়ে রদ্রিগেজের শেষ ম্যাচ।


কলম্বিয়ার হয়ে ১৩১ ম্যাচে ৩১ গোল করেছেন রদ্রিগেজ, সঙ্গে রয়েছে ৪৩টি অ্যাসিস্ট। ২০২৪ কোপা আমেরিকাতেও অধিনায়ক হিসেবে দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। তবে ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হাতছাড়া করে কলম্বিয়া।


আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ক্যারিয়ার এখনই শেষ করছেন না রদ্রিগেজ। সম্প্রতি কলম্বিয়ার ক্লাব অ্যাতলেটিকো নাসিওনালের সঙ্গে চুক্তি করেছেন তিনি। আরও কিছুদিন ক্লাব ফুটবল চালিয়ে যেতে চান ৩৫ বছর বয়সী এই তারকা।


বিদায়ী বার্তায় রদ্রিগেজ বলেন, তিনি শান্ত মনে বিদায় নিচ্ছেন, কারণ নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছেন। কলম্বিয়া ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম