ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

এক্সে ফাঁস ‘দ্য ওডিসি’, কয়েক ঘণ্টায় দেখল ২১ লাখের বেশি মানুষ

#

বিনোদন ডেস্ক

১৩ আগস্ট, ২০২৬,  5:04 PM

news image

সিনেমা হলে মুক্তির পর দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি করা ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ এবার পড়েছে অনলাইন পাইরেসির কবলে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পুরো ১৭২ মিনিটের সিনেমাটি অবৈধভাবে প্রকাশের পর মাত্র কয়েক ঘণ্টায় সেটি ২১ লাখের বেশি বার দেখা হয়। পরে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্ট স্থগিত করেছে এক্স কর্তৃপক্ষ।


হলিউডভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার এক ব্যবহারকারী কপিরাইট আইন অমান্য করে সিনেমাটির পূর্ণদৈর্ঘ্য সংস্করণ এক্সে পোস্ট করেন। প্রকাশের তিন ঘণ্টারও কম সময়ের মধ্যে ভিডিওটি ২১ লাখের বেশি দর্শক পেয়ে যায়। ভিডিওটির মানও তুলনামূলকভাবে ভালো ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


সিনেমাটি এখনো মূলত প্রেক্ষাগৃহেই প্রদর্শিত হচ্ছে। নোলান পুরো ছবিটি ৭০ মিলিমিটার ফিল্মে ধারণ করেছেন এবং আইম্যাক্সের জন্য বিশেষভাবে নির্মাণ করেছেন। বিশ্বজুড়ে এ ধরনের আইম্যাক্স স্ক্রিনের সংখ্যা প্রায় ৪৫টি। ম্যাট ডেমন, অ্যান হ্যাথাওয়ে ও রবার্ট প্যাটিনসন অভিনীত ‘দ্য ওডিসি’ মুক্তির পরও বক্স অফিসে দারুণ সাড়া পাচ্ছে। মাত্র দুই সপ্তাহান্তেই বিশ্বব্যাপী ছবিটির আয় ৪৫ কোটি পাউন্ড ছাড়িয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ছবিটির বাজেট ছিল প্রায় ১৮ কোটি ৭০ লাখ পাউন্ড।


পাইরেটেড ভিডিও ছড়িয়ে পড়ার খবর পাওয়ার পর দ্রুত সেটি সরানোর উদ্যোগ নেয় ইউনিভার্সাল স্টুডিও। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কপিরাইট লঙ্ঘনের ঘটনাটিকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং নিজেদের কনটেন্ট ও মেধাস্বত্ব সুরক্ষায় আইনি পদক্ষেপসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।


সিনেমা হলে প্রদর্শনের সময় উচ্চমানের কোনো চলচ্চিত্র অনলাইনে অনুমতি ছাড়া ছড়িয়ে দেওয়া বাণিজ্যিক পর্যায়ের পাইরেসি হিসেবে বিবেচিত হতে পারে। যুক্তরাজ্যের আইনে এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ও সীমাহীন জরিমানার বিধান রয়েছে। ক্ষতিগ্রস্ত পক্ষ চাইলে আর্থিক ক্ষতিপূরণও দাবি করতে পারে। ফাঁসের ঘটনায় এক্স ভিডিওটি সরিয়ে নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোও স্থগিত করেছে।


‘দ্য ওডিসি’কে ঘিরে বিতর্ক অবশ্য শুধু পাইরেসিতেই থেমে নেই। ছবিতে হেলেন অব ট্রয়ের চরিত্রে অস্কারজয়ী অভিনেত্রী লুপিতা নিয়ং’ওকে নেওয়া নিয়েও সমালোচনা করেছেন এক্সের মালিক ইলন মাস্ক। কাস্টিং নিয়ে তিনি নোলানের বিরুদ্ধে বর্ণবাদী মনোভাবের অভিযোগ তোলেন এবং হোমারের মহাকাব্যকে বিকৃত করার দাবি করেন। নোলান অবশ্য লুপিতাকে এই চরিত্রের জন্য নিজের প্রথম পছন্দ হিসেবে উল্লেখ করেছেন। ‘এল’ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি অভিনেত্রীর দৃঢ়তা ও ভারসাম্যপূর্ণ অভিনয়ক্ষমতার প্রশংসা করেন।


কাস্টিং নিয়ে সমালোচনার জবাবে নোলান বলেন, বড় ধরনের চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে এমন আলোচনা ও সমালোচনা আসতেই পারে। তবে সিনেমাটি দেখার আগে কেবল কাস্টিং বা অন্যান্য বিষয় নিয়ে মন্তব্য করা অর্থহীন বলেও তিনি ইঙ্গিত দেন। এদিকে মাস্ক জানিয়েছেন, তার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম ‘গ্রোক ইমাজিন’ ব্যবহার করে হোমারের মহাকাব্যের একটি ‘ঐতিহাসিকভাবে নিখুঁত’ সংস্করণ তৈরির পরিকল্পনা রয়েছে তার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম