ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

হাতিরঝিলে ‘খাদ্যের বিষক্রিয়ায়’ ভাইবোনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২৫,  7:19 PM

news image

রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়ারলেস মোড় এলাকা থেকে ভাইবোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, খাদ্যের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। দুজনের নাম- মোসলে উদ্দিন চৌধুরীর বড় মেয়ে আফরিদা চৌধুরী (১০) ও ছোট ছেলে ইলহাম চৌধুরী (১)। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানায়। বর্তমানে ওয়ারলেস মোড়ে ৯১ নম্বর এসএইচএস টাওয়ারে একটি বাসায় থাকেন। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় দুই শিশু সন্তানসহ তাদের বাবা মা খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে মেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় রাসমুন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শনিবার সকাল ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পরিবার যখন তার মরদেহ বাসায় নিয়ে আসে এরপর ছেলেটিও বমি করা শুরু করে। পরে তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছেলে শিশুটিও। খবর পেয়ে পুলিশ ওই বাসার নিচে গ্যারেজে থাকা ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠায়। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া বলেন, ‘খবর পেয়ে শনিবার রাতে ওই বাসার নিচে ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আজ সকালে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে তাদের শরীরে কোনো রকমের জখমের চিহ্ন পাওয়া যায়নি।’ এসআই সুমন আরও বলেন, ‘একই খাবার খেয়ে তাদের বাবা মাও অসুস্থ হন। তবে তারা চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যের বিষক্রিয়ার কারণে শিশু দুটির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ওই খাবার তারা বাসায় রান্না করেছিলেন নাকি বাইরে থেকে কিনে এনেছিলেন তা এখনো জানতে পারিনি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম