ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত অন্তত ৩৯

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ মে, ২০২৬,  8:01 PM

news image

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণা এলেও লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা যেন থামছেই না। শনিবার (৯ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় চালানো এসব হামলায় নারী ও শিশুও হতাহত হয়েছে।  রোববার (১০ মে) সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের সাকসাকিয়েহ শহরে ইসরায়েলি হামলায় একই পরিবারের সদস্যসহ অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় আরও ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিন শিশুর অবস্থা আশঙ্কাজনক। এছাড়া নাবাতিয়েহ এলাকায় এক বিভীষিকাময় হামলার তথ্য দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে এক সিরীয় নাগরিক ও তার ১২ বছর বয়সী মেয়ের ওপর ড্রোন থেকে পরপর তিনবার হামলা চালানো হয়। এতে বাবা নিহত হলেও গুরুতর আহত মেয়েটির জীবন বাঁচাতে অস্ত্রোপচার চলছে। এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা হিজবুল্লাহর সামরিক স্থাপনা লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে। তবে বেসামরিক মানুষ নিহতের খবর তারা খতিয়ে দেখছে বলে জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৬ এপ্রিল দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও মাঠপর্যায়ে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ইসরায়েলি বাহিনী এখনও দক্ষিণ লেবাননের প্রায় ১০ কিলোমিটার ভূখণ্ড দখল করে রেখেছে।  তাদের দাবি, উত্তরাঞ্চলের ইসরায়েলি বসতিগুলোর সুরক্ষা দিতে তারা ‘হিজবুল্লাহমুক্ত নিরাপত্তা অঞ্চল’ তৈরি করছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন জানিয়েছে, ইসরায়েলিরা গাজার মতোই লেবাননের সীমান্তসংলগ্ন আস্ত গ্রাম ধ্বংস করে দিচ্ছে, যা যুদ্ধাপরাধের শামিল। পাল্টা হিসেবে হিজবুল্লাহও উত্তর ইসরায়েলে ড্রোন ও রকেট হামলা অব্যাহত রেখেছে। শনিবার তাদের এক ড্রোন হামলায় ইসরায়েলের তিন সেনা সদস্য আহত হয়েছেন বলে স্বীকার করেছে আইডিএফ। হিজবুল্লাহর দাবি, লেবাননের বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি গণহত্যার জবাব দিতেই তারা এই পাল্টা আক্রমণ চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে দেশজুড়ে ইসরায়েলি হামলায় ১২০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতের জেরে এখন পর্যন্ত লেবাননে নিহতের সংখ্যা ২ হাজার ৭৯৫ জনে পৌঁছেছে। অন্যদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘাতে তাদের ১৭ সেনা ও চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম