ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

দলে জায়গা নিয়ে অনিশ্চয়তা, আনচেলত্তির সিদ্ধান্তের অপেক্ষায় নেইমার

#

স্পোর্টস ডেস্ক

১৮ মে, ২০২৬,  4:54 PM

news image

নেইমার ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কোচ কার্লো আনচেলত্তির ওপর ছেড়ে দিয়েছেন। ব্রাজিলিয়ান তারকা জানিয়েছেন, দলে জায়গা নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ পরিশ্রম করে যাচ্ছেন, তবে শেষ পর্যন্ত নির্বাচন করবেন কোচই।

গতরাতে করিতিবোর বিপক্ষে ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘আনচেলত্তি সিদ্ধান্ত নেবেন আমি সেখানে থাকার যোগ্য কি না। আমি এটার জন্য কাজ করেছি। যদি নির্বাচিত না হই, তাহলে আমি আর দশজন সমর্থকের মতো ব্রাজিলকে সমর্থন করব।’

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক ৫৫ সদস্যের দল থেকে চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড বেছে নেওয়ার প্রস্তুতি চলছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিতব্য আসরটিই হতে পারে নেইমারের শেষ বিশ্বকাপ।

২০২৩ সালের গুরুতর হাঁটুর চোটের পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। তবে সম্প্রতি শৈশবের ক্লাব সান্তোসে ফিরে ধীরে ধীরে ছন্দে ফিরছেন তিনি। তবু তার ফিটনেস নিয়ে প্রশ্ন এখনো পুরোপুরি দূর হয়নি।

এদিকে আনচেলত্তি আগেই স্পষ্ট করে দিয়েছেন, দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে অতীতের সাফল্য নয়, বর্তমান পারফরম্যান্স ও শারীরিক সক্ষমতাকেই গুরুত্ব দেওয়া হবে। ফলে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকেও কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে।

নেইমারকে দলে দেখতে চান এমন সমর্থক ও সাবেক সতীর্থের সংখ্যা কম নয়। তবে অনেকেই মনে করছেন, এখন সময় তরুণদের হাতে ব্রাজিলের আক্রমণভাগ তুলে দেওয়ার। ভিনিসিয়ুস জুনিয়র, রোদ্রিগো ও এনদ্রিকদের উত্থানে সেই আলোচনা আরো জোরালো হয়েছে।

এখন ফুটবল বিশ্বের চোখ ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার দিকে। কারণ সেটিই বলে দেবে, বিশ্বকাপে নেইমারের ‘ওয়ান লাস্ট ড্যান্স’ দেখা যাবে কি না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম