ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

তাসকিনের বোলিংয়ে মুগ্ধ পুরো ইংল্যান্ড দলই

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ মার্চ, ২০২৩,  4:21 PM

news image

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে মুস্তাফিজুর রহমান নিস্প্রভ থাকলেও আলো ছড়িয়েছেন বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদ। স্বাগতিক দলের এই পেসারকে দেখে শিক্ষা নিয়েছে সফরকারী পেসাররাও। বাংলাদেশ দুই ম্যাচে হারলেও তাসকিনের বোলিং নজর কেড়েছে ইংল্যান্ডের ক্রিকেটারদের। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শেষ তথা সিরিজের তৃতীয় ম্যাচের আগে তাসকিনের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মার্ক উড। স্বাগতিক ডানহাতি পেসারকে দেখেই বোলিংয়ের সঠিক জায়গা ধরতে পেরেছেন বলে জানান এই ইংলিশ ফাস্ট বোলার।  মিরপুরে দুই ম্যাচে ৪ উইকেট পেয়েছেন তাসকিন। প্রথম ম্যাচে ১ উইকেট নিলেও তার গতিময় নিয়ন্ত্রিত বোলিংয়ে কঠিন পরীক্ষা দিতে হয়েছে সফরকারীদের। স্রেফ ২০৯ রানের পুঁজি নিয়েও বাংলাদেশ যে লড়াই করেছে, তাতে বড় অবদান ছিল তাসকিনের। ৯ ওভারে ২৬ রান খরচ করেন তিনি। ওই ম্যাচে নতুন বলে মুভমেন্টের পাশাপাশি সুইং ও বাড়তি বাউন্সে ফিল সল্ট, দাভিদ মালানদের আটকে রাখেন তাসকিন। তার ওই বোলিং দেখেই মিরপুরে বোলিং করার জন্য আদর্শ পরিকল্পনা সম্পর্কে ধারণা পান জফ্রা আর্চার, ক্রিস ওকস, উডরা। তৃতীয় ওয়ানডের আগের দিন সংবাদ সম্মেলনে তাসকিনের প্রশংসা করে সে কথাই বলেন উড। তিনি বলেন, তাসকিন খুবই প্রশংসনীয় পারফর্ম করেছে। আমার একার না, সবার নজর কেড়েছে সে। আমাদের পুরো দল বলেছে, সে কতটা ভালো বোলিং করেছে। সে খুব গতিতে বল করেছে, ভালো লেংথে রেখেছে। প্রথম ম্যাচে সেই আমাদের পেসারদের দেখিয়েছে যে কোন জায়গায় আসলে বল করা উচিত। আমরা তার পারফরম্যান্স থেকে অনেক কিছু নিয়েছি। আমি, জফ্রা আর্চার ও ক্রিস ওকস। উড আরও বলেন, সে যে জায়গায় বল করেছে, আমাদের চাপে রেখেছে। এমন না যে শুধু উইকেট নিয়েছে, সে খুব আঁটসাঁট বোলিং করেছে। তার পারফরম্যান্স খুবই প্রশংসনীয় ছিল। সব ব্যাটসম্যান বলেছে, সে খুব ভালো পারফর্ম করেছে। সত্যি বলতে আমি চাই না সে খারাপ করুক। তবে আসছে ম্যাচেও সে ভালো করুক এবং অনেক উইকেট নিক, এটাও আমি চাই না। অবশ্যই সে খুব প্রশংসনীয় বোলিং করছে। প্রসঙ্গত, দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ দলের সেরা বোলার ছিলেন তাসকিন। সব মিলিয়ে ১০ ওভারে ৬৬ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। তার প্রথম ৬ ওভার থেকে ২৬ রান নিতে পেরেছিল ইংল্যান্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম