ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৩
নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর, ২০২৬, 11:11 AM
নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর, ২০২৬, 11:11 AM
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৩
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও মালবোঝাই ট্রাকের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নিমতলা আন্ডারপাসের ওপর ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার রাত ৪টা ২৫ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা আন্ডারপাসের ওপর সড়ক দুর্ঘটনার খবর আসে। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিস জানায়, দক্ষিণবঙ্গ থেকে ঢাকাগামী গ্রীন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মালবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের তিন যাত্রী আহত হন। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে চালকদের নির্ধারিত গতিসীমা মেনে গাড়ি চালানো, ট্রাফিক আইন মেনে চলা এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে মহাসড়কে যাত্রী ও চালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।