ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

টানা ২৫ মৌসুমে গোল করে রোনালদোর রেকর্ড

#

স্পোর্টস ডেস্ক

২২ আগস্ট, ২০২৬,  5:40 PM

news image

ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই ক্রিশ্চিয়ানো রোনালদো গড়লেন আরেকটি বিশ্ব রেকর্ড। ২০০২-০৩ মৌসুম থেকে শুরু করে প্রতিটি লিগ মৌসুমে গোল করার ধারা বজায় রাখলেন তিনি। শুক্রবার আল নাসরের হয়ে আল রিয়াদের বিপক্ষে ৪-০ ব্যবধানের জয়ে গোল করে একটি রেকর্ডে নাম লিখলেন সিআরসেভেন। প্রথম ফুটবলার হিসেবে টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার কীর্তি গড়লেন।


৪১ বছর বয়সী এই তারকা চলতি সৌদি প্রো লিগের মৌসুমে আল নাসরের দ্বিতীয় ম্যাচে শুরুতে বেঞ্চে ছিলেন। তবে মাঠে নামার পর ২০২৬-২৭ মৌসুমের খাতা খুলতে তার মাত্র ২১ মিনিট সময় লাগে। ম্যাচের ৬২তম মিনিটে আবদুল্লাহ আল হামদানের বদলি হিসেবে নেমে ৮৩তম মিনিটে দলের চতুর্থ গোলটি করেন রোনালদো।


আইমান ইয়াহিয়ার বাড়ানো বল বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের ফিনিশিংয়ে জালে পাঠান রোনালদো। টানা ২৫ মৌসুমে গোল করার এই রেকর্ডে তিনি টপকে গেছেন জ্লাতান ইব্রাহিমোভিচকে, যিনি ১৯৯৯-২০০০ থেকে ২০২২-২৩ মৌসুমের মধ্যে টানা ২৪টি মৌসুমে গোল করেছিলেন।


চারটি ভিন্ন দেশে পাঁচটি আলাদা ক্লাবে খেলে রোনালদো গোলের ধারা বজায় রেখেছেন। স্পোর্টিংয়ের হয়ে শুরু করার পর তিনি তার ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম মেয়াদের প্রতিটি মৌসুমে, রিয়াল মাদ্রিদে নয়টি মৌসুমে এবং জুভেন্টাসে তিনটি মৌসুমে গোল করেন। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসার পর ২০২২-২৩ মৌসুমের মাঝামাঝিতে তিনি সৌদি আরবে যোগ দেন এবং আল নাসরের হয়ে গোল করার ধারা অব্যাহত রাখেন।


এটি রোনালদোর অফিশিয়াল সিনিয়র ক্যারিয়ারের ৯৭৭তম গোল। ফলে ১,০০০ গোলের মাইলফলক ছুঁতে তার প্রয়োজন আর মাত্র ২৩টি গোল। রোনালদোর বর্তমান মোট গোলের মধ্যে রয়েছে রিয়ালের হয়ে ৪৫০টি, ম্যানচেস্টার ইউনাইটেডে দুই মেয়াদে ১৪৫টি, জুভেন্টাসের হয়ে ১০১টি, স্পোর্টিংয়ের হয়ে ৫টি এবং আল নাসরের হয়ে ১৩০টি গোলের পাশাপাশি পর্তুগালের হয়ে ১৪৬টি গোল।


পেশাদার ফুটবলার হিসেবে ২০২৬-২৭ মৌসুমটিই তার শেষ মৌসুম হতে পারে। রোনালদোর এমন ইঙ্গিতের পর চার অঙ্কের এই সংখ্যার দিকে দৌড়টি আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে। চলতি মাসের শুরুতে প্রকাশিত ভোগ-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, ‘সম্ভবত এটিই ফুটবলে আমার শেষ বছর এবং আমি একটি দুর্দান্ত কীর্তি রেখে যেতে চাই।’


এই মন্তব্য করার সময় রোনালদোর ক্যারিয়ার গোল সংখ্যা ছিল ৯৭৬টি। নতুন লিগ মৌসুমের প্রথম উপস্থিতিতেই তিনি সেই সংখ্যা এক বাড়িয়ে নিয়েছেন। চলতি মৌসুম পর্যন্ত আল নাসরের সঙ্গে রোনালদোর চুক্তি রয়েছে এবং ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসেও তিনি ১,০০০ গোলের এই ঐতিহাসিক লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম