ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনো মন্ত্রণালয়কে জানায়নি ইসি

ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ সেপ্টেম্বর, ২০২৬,  1:58 PM

news image

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এর মধ্যেই ইমরানের তিন বোনকে ৩০ দিনের জন্য আটক রাখার আদেশের বিরুদ্ধে লাহোর হাইকোর্টে আবেদন করা হয়েছে।


সোমবার ইমরানের বোন আলিমা খানের ছেলে শাহরাইজ খান লাহোর হাইকোর্টে আবেদনটি করেন। এতে আলিমা খান, উজমা খান ও নরিন নিয়াজির আটকাদেশ অবৈধ ঘোষণা করে তাদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়েছে। ভারতীয় বার্তাসংস্থা টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।


লাহোরের ডেপুটি কমিশনার ২০ সেপ্টেম্বর জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশের (এমপিও) ৩ নম্বর ধারায় তিনজনের বিরুদ্ধে ৩০ দিনের আটকাদেশ জারি করেন। ২৭ সেপ্টেম্বর পিটিআইয়ের বিক্ষোভ ও ইসলামাবাদ অভিমুখে কর্মসূচির আগে এই আটকাদেশ দেওয়া হয়। আলিমাকে এর আগে আটক করা হয়; পরে সোমবার উজমা ও নরিনকেও আটক করা হয়।


আবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত কাজে যাওয়ার সময় আলিমাকে আটক করা হয় এবং সে সময় জনশৃঙ্খলার জন্য কোনো তাৎক্ষণিক হুমকি বা সমাবেশের পরিস্থিতি ছিল না। আবেদনকারীর দাবি, আটকাদেশে এমন কোনো নির্দিষ্ট অভিযোগ উল্লেখ করা হয়নি, যা প্রতিরোধমূলক আটকের যৌক্তিকতা প্রমাণ করে। আলিমা ও তার চালক মোহাম্মদ আমিরকে লাহোর সেন্ট্রাল জেলে রাখা হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।


এদিকে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি বলেছেন, পিটিআই ‘যেকোনো মূল্যে’ ২৭ সেপ্টেম্বরের কর্মসূচি করবে। ২৫ সেপ্টেম্বর দলটির বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে এবং সারা দেশে নেতাকর্মীদের সংগঠিত করা হবে বলে জানান তিনি।


আফ্রিদির দাবি, বিক্ষোভের আগে পিটিআইয়ের প্রাদেশিক মন্ত্রী ও আইনপ্রণেতাদের গ্রেপ্তার শুরু হয়েছে। তিনি বলেন, ইমরান খানের সঙ্গে দেখা করার সুযোগ পেতে দলটি সব সাংবিধানিক ও গণতান্ত্রিক পথ অনুসরণ করেছে, কিন্তু আদালতের আদেশ থাকা সত্ত্বেও তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না।


তবে পিটিআই সংঘাত চায় না বলে জানিয়েছেন আফ্রিদি। তার ভাষ্য, দলটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে দাবি আদায় করবে এবং বিক্ষোভে কোনো অস্ত্র বহন করা হবে না। পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহরও বলেছেন, দলটি ইসলামাবাদে হামলা চালানোর পরিকল্পনা করছে না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিজেদের হাতে তুলে নেবে না।


অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেছেন, ২৭ সেপ্টেম্বরের কর্মসূচির কারণে ইসলামাবাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে দেওয়া হবে না। সরকার রাজধানী বন্ধ করে দেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হতে দেবে না বলেও সতর্ক করেছেন তিনি।


ইমরান খানের ছেলে কাসিম খানও তার আত্মীয়দের আটকের প্রতিবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি তার ফুফু উজমা ও নরিন এবং চাচাতো ভাইদের আটকের অভিযোগ তুলে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানান।


ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন এবং বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। তাকে মুক্তির দাবিতে পিটিআই ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম